ওমর ফারুক সোহাগ, কক্সবাজার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৫:১৭
টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে কোস্ট গার্ড
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় শনিবার (২৫ এপ্রিল) ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’, টেকনাফের সিকদার পাড়ার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করাও ছিল তার নিয়মিত কার্যক্রম। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র আইনে মোট আটটি মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছিল পুলিশ।
জব্দকৃত অস্ত্র এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।