কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ সকাল ১১:৩২:২৪
রমজানের দুপুরে নিভে গেল ছোট্ট প্রাণ: কসবা নানা বাড়ির পুকুরেই ডুবে গেল ২ বছরের ছাফামনি
রমজানের এক শান্ত দুপুর। উঠানে চলছিল ঘরোয়া কাজকর্ম, ঘরের ভেতরে চলছিল স্বজনদের গল্প। সেই ব্যস্ততার মাঝেই সবার অজান্তে চুপিচুপি উঠান পেরিয়ে পুকুরঘাটে চলে যায় দুই বছরের ছোট্ট ছাফামনি। কেউ বুঝে ওঠার আগেই পানির গভীরে তলিয়ে যায় তার ছোট্ট জীবন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ছাফামনি নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত ছাফামনি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে।
শিশুটির মামা মিজানুর রহমান রুমেন জানান, গত সোমবার তাদের বাবা-মা ও পরিবারের কয়েকজন সদস্য উমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। এ উপলক্ষে দুই বোনও তাদের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
শুক্রবার দুপুরে ছাফামনিকে খাওয়ানোর পর তার মা লিমা আক্তার তাকে মামার ঘরে রেখে পাশের ঘরে চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে যান। এ সময় মায়ের পেছন পেছন বের হয়ে যায় ছাফামনি। উঠানে তখন বাড়ির মহিলারা নানা কাজে ব্যস্ত ছিলেন।
সবার অগোচরে ছোট্ট ছাফামনি বাড়ির পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ শিশুটির কোনো সাড়া না পেয়ে তার মা বাড়ির ঘর ও আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে শেষে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে ঘাট থেকে কিছুটা দূরে পানিতে ভাসতে দেখা যায় তাকে।
পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় ছাফামনির নানা বাড়ি ও দাদা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে তার মরদেহ দাদার বাড়িতে নেওয়া হয় এবং আসর নামাজের পর সেখানে তাকে দাফন করা হয়।
ছোট্ট ছাফামনির অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ভারী নীরবতা।