মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ রাত ০৯:০২:৫৬
র্যাব-৯ এর অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার
র্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি পঙ্খী আলী (৪৩) গ্রেফতার হয়েছেন। বুধবার (১১ মার্চ) রাতে জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ কলিমাবাদ এলাকার সৌদি প্রবাসী এক নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে পঙ্খী আলীর সম্পর্ক গড়ে ওঠে। পরে ভিডিও কলে কথা বলার সময় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কিছু ব্যক্তিগত ছবি স্ক্রিনশট করে নিজের কাছে সংরক্ষণ করে সে।
এরপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে পঙ্খী আলী। সম্মানহানির ভয়ে ভুক্তভোগী প্রথমে সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল (প্রায় ৬ হাজার ৬০০ টাকা) পাঠান। পরে বিভিন্ন সময়ে অভিযুক্তের কাছে মোট ২ লাখ ২১ হাজার টাকা পাঠাতে বাধ্য হন তিনি।
পরবর্তীতে আবারও পাঁচ লাখ টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি তার আত্মীয়-স্বজনদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।
পরে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পঙ্খী আলীকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।