মোঃ তারাজুল ইসলাম, নীলফামারী (জলঢাকা ) প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৮:১২:০৮
গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো ইপিজেড কর্মীর
নীলফামারীর জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী। তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমি রানী রায় সহকর্মী স্বপন রায়ের মোটরসাইকেলে চড়ে কর্মস্থল উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথে কাঁঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি পড়ে যান তারা।
এ সময় মোটরসাইকেল চালক দ্রুত ব্রেক করলে রাস্তার বালুতে চাকা পিছলে যায়। এতে মোটরাসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে যান সুমি রানী। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।