শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:০০:০৫
আমিয়াপুরে মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তরের আমিয়াপুরে অবস্থিত হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, যুবদল নেতা মোঃ মামুন সরকার, ইউনিয়ন বিএনপি নেতা এস এ হোসেন প্রধানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী এবং সঞ্চালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মুফতি ফারুক আহমেদ।
দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক ও শিক্ষাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।