মো. নাজিম ইসলাম, তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:৫৯:৩৯
তারাগঞ্জে চাঞ্চল্যকর মনজুরুল হত্যা মামলায় দুইজন গ্রেফতার
রংপুরের তারাগঞ্জে চাঞ্চল্যকর ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারি রাতে গলাকেটে হত্যা করা হয় ইলেকট্রিশিয়ান মনজুরুলকে। হত্যার দুই দিন আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। থানা পুলিশের পাশাপাশি স্থানীয়রাও তাকে খোঁজাখুঁজি করছিলেন।
পরে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর রামপুরা এলাকার একটি আলু ক্ষেতে মাটিচাপা অবস্থায় গলাকাটা মরদেহ দেখতে পান এক কৃষক। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতি বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ক্লুলেস এই হত্যা মামলার রহস্য উদঘাটনে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের নেতৃত্বে এসআই কামরুলসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানে গত শনিবার দুপুরে মামলার আসামি মাজেদুল মণ্ডল (৩২)কে তারাগঞ্জের জর্দ্দিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর জেলা ডিবি পুলিশের সহায়তায় রবিবার (১৫ মার্চ) ভোর ৪টার দিকে বগুড়া জেলার গোকুল এলাকা থেকে আরেক আসামি রাফিউর রহমান লাবলু (৩২)কে গ্রেফতার করে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মনজুরুল পল্লী বিদ্যুতের একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। তার উপার্জনে স্ত্রী ও এক মেয়ে এবং দুই ছেলের সংসার চলত। তার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেও হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আলোচিত মনজুরুল হত্যা মামলার আসামি রাফিউর রহমান লাবলু (৩০) ও মাজেদুল মণ্ডল (৩২)কে গ্রেফতার করে রংপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।