মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ রাত ০৯:৪২:৫৪
গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৬
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৪ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ঝন্টু মোল্যা একই উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।
হাইওয়ে পুলিশর ভাটিয়াপাড়া অঞ্চলের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফালগুনী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করেছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।