বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৭:২১
উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। তিনি বলেন, উলাশী খাল পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি তিনি এ কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্ভাব্য আগমন শার্শার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। কর্মসূচি সফল করতে তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দলের শক্তি ও ঐক্যের একটি বড় পরীক্ষা। শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এটি একটি বড় রাজনৈতিক সমাবেশে রূপ নিতে পারে।
সভা থেকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার, জনসমাগম নিশ্চিতকরণ, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং সফল আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন শুধু একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নয়; বরং শার্শা-বেনাপোল অঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় মঞ্চে পরিণত হতে যাচ্ছে।
উল্লেখ্য, শার্শার উলাশী, সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি, বর্ষার পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেই পানি ব্যবহারের লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, উলাশী খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম সফর অনুষ্ঠিত হতে পারে।