দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৮:১৫:৫২
দেলদুয়ারে জমি জবরদখলের চেষ্টা, পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের দেলদুয়ারে জবরদখলের উদ্দেশ্যে জমিতে অনধিকার প্রবেশ করে আবাদকৃত পাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, দেলদুয়ার থানাধীন পাথরাইল ইউনিয়নের বিষ্ণুপুর মৌজার ১০৭ খতিয়ানের ১৩০ নম্বর দাগে ১৭ শতাংশ জমির মালিক বিষ্ণুপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে নুরু মিয়া। পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া এ জমি তিনি প্রায় ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন।
চলতি বোরো মৌসুমে নুরু মিয়া ওই জমিতে ধান চাষ করেন। দীর্ঘ চার মাস পরিচর্যার পর ফসল ঘরে তোলার উপযুক্ত হলে মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে একই গ্রামের নুরুল ইসলাম ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৮ জনের একটি দল জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নুরু মিয়া দেলদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা জুবায়ের সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে কেটে নেওয়া ধান জব্দ করে।
স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন, সালাম মিয়া ও মাসুদ আলম লিটন জানান, দীর্ঘদিন ধরে নুরু মিয়া ওই জমি ভোগদখল করে আসছেন এবং বিষয়টি গ্রামের সকলেরই জানা।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।