বাবুল আকতার, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:১৩:২০
ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬” ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পাবনা এবং ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. শহিদুজ্জামান সভাপতিত্ব করেন এবং সহ-সভাপতি মলয় কুমার দেব অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি চন্দনা রাণী দাশ, সদস্য এ কে এম হানিফ বাবলু, ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
দুই দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—
“জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে”। প্রতিযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এবং রানার্স আপ হয় হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাসিনা মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা সুলতানা সীমু।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, যুক্তিবোধ ও দুর্নীতি বিরোধী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।