মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪২:১৮
মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় শিশু নিহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় রিফাত বালি নামে এক মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার কুরপালা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশু বাবা মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে শিশু সন্তান রিফাতকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবর্তী গ্রামের বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। ভ্যানটি কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সাথে বোরকা পেচিয়ে গেলে মা রিয়া মনি শিশু সন্তানকে নিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় কোল থেকে রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে গেলে মারাত্মক আহত হয়।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার সন্তানকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।