নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৭:৫৭
পোশাক খাতে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর মজুরি বোর্ডে অনুষ্ঠিত এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এই প্রস্তাব তুলে ধরা হয়।
সভায় শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার শ্রমিকদের বিভিন্ন গ্রেডের প্রস্তাবিত মজুরি তুলে ধরে জানান, এক নম্বর গ্রেডের জন্য ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি চাওয়া হয়েছে। পাশাপাশি, একেবারে নতুন বা এন্ট্রি লেভেলের শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সভায় জানানো হয়, পোশাক খাতের সার্বিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, বাজারমূল্য এবং শ্রমিকদের জীবনমান বিবেচনা করেই এই প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মজুরি বোর্ডের কার্যক্রম শেষ করে নতুন কাঠামো চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা আগামী জানুয়ারি মাসের বেতন থেকেই কার্যকর হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য আন্তর্জাতিক মানদণ্ড ও অন্যান্য দেশের তুলনা বিশ্লেষণ করে প্রয়োজনে বিশেষজ্ঞ মতামত গ্রহণ করবেন। পাশাপাশি, শ্রমিকদের প্রকৃত অবস্থা স্বচক্ষে দেখতে খুব দ্রুতই বিভিন্ন শিল্প এলাকার কারখানাগুলো সরেজমিনে পরিদর্শন করবে মজুরি বোর্ড।
এদিকে, পোশাক খাতের চলমান অস্থিরতা ও শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর বোর্ডের পরবর্তী বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।