রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ১০:১৭:২০
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় নাজমুল নিহত, গ্রেপ্তার সম্রাট
বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত নাজমুল হোসেন খান রুপক (৪০) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মন্ডলপাড়া এলাকার বাসিন্দা এবং আমানত হোসেন খানের ছেলে। তিনি একটি কোম্পানির আদমদীঘি থানার মুরইল শাখায় সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই সম্রাট খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার ইলিয়াস হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সকালে সম্রাট খান তাঁর মা ও বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা পাশের খালার বাড়িতে আশ্রয় নিয়ে বিষয়টি নাজমুল হোসেনকে জানান। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে নাজমুল পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সম্রাটের বাড়িতে গেলে, সম্রাট ঘরের দরজা খুলেই হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে আরও কয়েকটি আঘাতে নাজমুল গুরুতর আহত হন।
স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। আহত নাজমুলকে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরিফা জাহান সম্রাট খানকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।