টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:১০:০২
টুঙ্গিপাড়ায় সাবেক জাপা নেতা হাফেজ উজির আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মরহুম হাফেজ মো. উজির আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ ২০২৬) মরহুমের নিজ বাসভবনে আয়োজিত এ মাহফিলে পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর পৌত্র হাফেজ হযরত মাওলানা মুফতি মুরতাজা আহমেদ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষও অনুষ্ঠানে অংশ নেন।
স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, হাফেজ মো. উজির আহমেদ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ছিলেন। রাজনীতি ও সমাজ সংস্কারে তার অবদান টুঙ্গিপাড়ার মানুষ শ্রদ্ধার সঙ্গে দীর্ঘদিন স্মরণ করবে।
মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।