শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি:
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ১১:০১:১৪
লেংটার মেলায় টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, খাদেমকে কুপিয়ে জখম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে হযরত শাহ সোলেমান লেংটার মেলায় টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া গুরুতর জখম হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শাহ সোলেমান লেংটার ১০৭তম ওরশ ও মেলার প্রথম দিনে মেলাস্থলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওরশ উপলক্ষে মেলার প্রথম দিনেই ১০ থেকে ১২ লাখ ভক্ত-অনুসারীর সমাগম হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা মাজারে নগদ টাকা, গরু, ছাগল ও মহিষ দান করেন। এসব দান-অনুদানের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
একপর্যায়ে বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাজারের খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”