টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৬:৫১:৫৮
টুঙ্গিপাড়ায় ১,৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
রোববার (২৮ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিএডিসি ও হর্টিকালচার সেন্টারের সরবরাহকৃত কৃষি উপকরণ উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রস্তুত করা অগ্রাধিকার তালিকার ভিত্তিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া ৬০০ জন কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২ হাজার ৪০০টি ফলজ ও ঔষধি চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার) এবং সবজি চাষের জন্য প্রয়োজনীয় বাঁশের খুঁটি বিনামূল্যে বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তিনি কৃষকদের বিতরণকৃত উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম বলেন, সরকারের কৃষিবান্ধব এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হচ্ছেন। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রাখবেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও ঔষধি চারা এবং অন্যান্য কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।