ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬ রাত ০৭:৫৯:১২
ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, ভারপ্রাপ্ত ইউএনওর হস্তক্ষেপে প্রকৃত মালিককে ফেরত ৪০ বস্তা সার
পাবনার ভাঙ্গুড়ায় ভর্তুকির সারকে প্রণোদনার সার মনে করে আটকের ঘটনায় সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের হস্তক্ষেপে প্রকৃত মালিকের কাছে ৪০ বস্তা সার ফিরিয়ে দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন এবং প্রকৃত তথ্য যাচাই শেষে সারগুলো মালিকের কাছে হস্তান্তর করেন। এ সময় সার আটকে রাখা ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, সরকার কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে সার সরবরাহ করে, যা কৃষি বিভাগের অনুমোদিত ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়। অন্যদিকে, কৃষি প্রণোদনার আওতায় নির্বাচিত কৃষকদের বিনামূল্যে সার বিতরণ করা হয় এবং এ ক্ষেত্রে কৃষকদের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন যুবক সারগুলোকে প্রণোদনার সার মনে করে আটক করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। পরে কৃষি বিভাগের অনুসন্ধানে জানা যায়, বর্তমানে কোনো প্রণোদনার সার বিতরণ কার্যক্রম চলমান নেই। আটক করা সারগুলো ছিল অনুমোদিত ডিলারের ভর্তুকির সার।
কৃষি বিভাগ জানায়, সারের বস্তায় ‘ভর্তুকির সার’ লেখা থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে কৃষকদের জন্য সরকার ভর্তুকি দিয়ে যে সার সরবরাহ করে, সেটিই ডিলারদের মাধ্যমে বিক্রি করা হয়। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
ঘটনাস্থলে উপস্থিত কৃষি বিভাগের কর্মকর্তারা বিষয়টি ব্যাখ্যা করলে সার আটককারী ব্যক্তিরা নিজেদের ভুল বুঝতে পারেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, “প্রকৃত বিষয়টি না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হয়েছে, যা সঠিক নয়।”
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মিজানুর রহমান বলেন, “প্রকৃত তথ্য যাচাই না করেই প্রণোদনার সার বলে প্রচার করা হয়েছিল। পরে তারা ভুল বুঝতে পেরে তা স্বীকার করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করার আহ্বান জানান। পরে কৃষি বিভাগ ও প্রশাসনের উপস্থিতিতে ৪০ বস্তা সার প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।