মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:০৮:১৫
টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেটের হল রুম এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা জি,টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কুলদানন্দ মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের ও টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দীন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ জেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন এবং টুঙ্গিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ জেহাদুল ইসলাম বাবুসহ অন্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল টুঙ্গিপাড়া উপজেলা যুবদল।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি (পঞ্চম শ্রেণি) ২০২৫, জুনিয়র বৃত্তি (অষ্টম শ্রেণি) ২০২৫ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২৩ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পঞ্চম শ্রেণির ৯২ জন এবং অষ্টম শ্রেণির ২৯ জনসহ মোট ১২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা নিজেদের সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে জ্ঞান, নৈতিকতা ও স্বশিক্ষায় নিজেদের আলোকিত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে জ্ঞান, সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে জাতিকে মেধাশূন্য করার যে চেষ্টা করা হয়েছে, সেই ধারা থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করা হচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন। তিনি জানান, গ্যাসের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়েছে এবং খুব শিগগিরই বিদ্যুতের সমস্যারও সমাধান হবে।
সভাপতির বক্তব্যে কুলদানন্দ মল্লিক শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের এই সাফল্য ধরে রাখতে হবে। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে শিক্ষার কাজে ব্যবহার করতে হবে, তবে এর প্রতি আসক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।
কৃতি শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আয়োজকরা।