রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ রাত ১১:০৪:২৭
গঙ্গাচড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাহুল (১৫) নামে মানসিক ভারসাম্যহীন এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল উপজেলার ভুটকা এলাকার মান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে গঙ্গাচড়া থানা মোড়ের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে গঙ্গাচড়া বাজারের জিগাতলা এলাকায় পৌঁছালে রাহুল ট্রাকটির পেছনে লটকে পড়ে। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মরদেহটি থানায় নেওয়া হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।