মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৭ মার্চ ২০২৬ রাত ১১:০৬:৪১
শ্রীমঙ্গলে জ্বালানি তেলের দোকানসহ দুটি দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের দোকান, একটি হোমিও ফার্মেসি ও একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি স্থাপনা পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের লছনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকার ধন মিয়ার মালিকানাধীন জ্বালানি তেলের দোকান মারুফ এন্টারপ্রাইজে আগুন লাগে। বিকেল সোয়া ৫টার দিকে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মারুফ এন্টারপ্রাইজ ছাড়াও জিতু মিয়ার মালিকানাধীন রনি হোমিও হল এবং অজিত দাসের একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী অসাবধানতাবশত আগুন লেগে থাকতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।