মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২১:১১
শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর আহত, সড়ক অবরোধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের শাপলাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি লুৎফর রহমান চৌধুরী, তিনি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নং-২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি। হামলায় তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং তা প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতারা এবং প্রশাসনের মধ্যস্থতায় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর হঠাৎ দুর্বৃত্তরা এসে ধারালো অস্ত্র দিয়ে লুৎফর রহমানকে কুপিয়ে পালিয়ে যায়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।