মো. রনি শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ রাত ০৬:৪৯:৪৯
নিয়োগ বাতিলের ২০ বছর পর এসআই পদে পুনরায় নিয়োগ পেলেন টঙ্গীবাড়ীর রুবেল মিয়া
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের পশ্চিম আউটশাহী গ্রামের এবাদুল মাদবরের ছেলে রুবেল মিয়া বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন।
জানা যায়, ২০০৬ সালে এসআই পদে তার নিয়োগ চূড়ান্ত হলেও দলীয়করণের অভিযোগে তৎকালীন সরকার তার নিয়োগ বাতিল করে দেয়। দীর্ঘ প্রায় দুই দশকের প্রতীক্ষার পর অবশেষে ২০২৬ সালে তিনি পুনরায় এই পদে নিয়োগ লাভ করেন।
রুবেল মিয়ার এ সাফল্যে তার পরিবারসহ এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনিরুল হক (ডাবলু) রুবেল মিয়া ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।
এসময় তিনি রুবেল মিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
থানার অন্যান্য পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত এই সহকর্মীর সার্বিক সফলতা কামনা করেন।