মো. শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬ রাত ০৬:০৩:০২
কসবায় ১২ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকার একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘরটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মমিন মিয়া (৩২) ও মো. ইব্রাহিম (২৫)। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”