রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি: ব
প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:২৭
বগুড়া-৬ উপনির্বাচন: আইনশৃঙ্খলায় মাঠে ৮ প্লাটুন বিজিবি
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকেই তারা কার্যক্রম শুরু করেছেন।
বগুড়া-৬ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করবেন। তিনি বলেন, “২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন পূর্ব, নির্বাচন দিবস এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত বিজিবি সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এ উপনির্বাচনে ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।