রুহুল আমিন কিবরিয়া:বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৪:৪০
বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার রাত আটটার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন আলী (২৩) কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আবু তাহেরের ছেলে। আহতরা হলেন মোস্তফা ও সালাম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।