নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৬:০৪
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে একলাফে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এতে টানা ৪ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমল ৯ হাজার ৮৫৬ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা চতুর্থবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী আজ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকায় মিলছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায়।
গত বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সব মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা কমলো চার দফায়। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায় নেমে এসেছে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম।