নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:৫৪
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী
বোমা-সন্ত্রাস করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যারা বোমা সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, তারা মনে হয় বাংলাদেশের মানুষকে এখনও চেনেন না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকার ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. আসাদুজ্জামান বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পথ হাঁটছেন, সেই পথে আমরা সব অপশক্তির বিরুদ্ধে মাঠে আছি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না। যারা বোমা মারছেন, ইতোমধ্যে তাদের অনেকে গ্রেফতার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা, কীভাবে জড়িত, সে বিষয়ে সমস্ত তথ্য আমরা পেয়েছি। আপনারাও দেখেন, সন্ত্রাসের পথ কারা ধরেছেন, সন্ত্রাসী কারা?
তিনি বলেন, এতকিছুর পরও আমরা মনে করি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে বিশ্বের মানচিত্রে এবং বিশ্বদরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তা অব্যাহত থাকবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যখন কলম ধরবেন, সত্যের পক্ষে কলম ধরবেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবেন, মাদকের বিরুদ্ধে কলম ধরবেন, দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবেন। এটাই আপনাদের ভালো কাজ। ঠিক একইসঙ্গে সরকারেরও কিছু ভালো কাজের চিত্র আপনারা তুলে ধরবেন। আপনারা দেখেন, আমরা কাজ করতে গিয়ে গত ৯ মাসে বাংলাদেশে কোনও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পথে হাঁটিনি। আমরা গুমের পথে হাঁটিনি। পুলিশই বাদী হয়ে মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি। এই জায়গাগুলো আপনাদের বলবো, এগুলোও একটু লিখবেন।
তিনি আরও বলেন, সকালে আমাকে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে ফোন করা হয়েছিল। কিছু বিষয়ে কথা বলার জন্য তারা যোগাযোগ করেছিলেন। আমি তাদের এই কথাগুলো বলেছি। রিপোর্ট-টিপোর্ট লেখেন, কোনও সমস্যা নেই। তবে ভালো রিপোর্টগুলোও লেখেন। মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা কী করছি, সেটিও তুলে ধরুন। ওভারনাইট যদি মনে করেন, আমরা সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবো, সেটা যেমন সম্ভব নয়।
আইনমন্ত্রী বলেন, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে বা আমাদের কার্যক্রমে যদি কোনও নেতিবাচক কিছু থাকে, সেটিও আপনারা তুলে ধরবেন। আমরা চাই, আপনারা সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক আলোর পথ ধরে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। আমাদের বিরুদ্ধে গেলেও লিখুন, সমস্যা নেই। কারণ, আমরা জানি আমাদের স্বচ্ছতা কোথায়, আমাদের সততা কোন জায়গায়। আমরা জানি, আমরা কী করছি এবং কী করতে চাচ্ছি। আমরা জানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই বাংলাদেশ বিনির্মাণে কোন পথ ধরে এগোতে যাচ্ছে।
ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন, সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল, ঢাকার ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দফতর সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ।