নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৭:১৬
বিনিয়োগ বাড়াতে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করা এবং বেসরকারি খাতের সমস্যা সমাধানের লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিনিয়োগ, শিল্প, জ্বালানি, করনীতি ও রপ্তানি খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ব্যবসায়ী নেতারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, করব্যবস্থার সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার জটিলতা দূরীকরণ, লজিস্টিক সহায়তা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজেদের মতামত তুলে ধরেন।
এ ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ (ইজ অব ডুয়িং বিজনেস), করনীতি ও শুল্কসংক্রান্ত জটিলতা নিরসন, রপ্তানি সম্প্রসারণ, নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যাংকিং ও অর্থায়ন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে সরকারের নীতিগত সহায়তার বিষয়টিও গুরুত্ব পায়।
ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতের সঙ্গে সরকারের এ ধরনের নিয়মিত সংলাপ অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে দেশে একটি সত্যিকারের ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।