নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৬:৪৪:২৫
চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম আগামী সপ্তাহের শেষ নাগাদ শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ জন্য আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে আতিকুর রহমান মোজাহিদ বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ পরিস্থিতির সমাধান কবে হবে এবং কবে থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে, তা জানতে চান তিনি। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের বিষয়েও জানতে চান এই সংসদ সদস্য।
জবাবে মন্ত্রী বলেন, আগামীকালই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এর বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।