নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৯:৩৪
দুই এলএনজি টার্মিনাল থেকে মিলেছে জাতীয় গ্রিডে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস
সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্যে সামিট এলএনজি টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং মহেশখালী (এক্সিলারেট) এলএনজি টার্মিনাল থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।
শনিবার ভোর ৪টার হিসাবে দুই টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড-আরপিজিসিএলের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
কক্সবাজারের মহেশখালীতে একটি এক্সিলারেট এনার্জির, আরেকটি সামিট এলএনজি টার্মিনাল কোম্পানির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। তাদের দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা যথাক্রমে ৬০০ ও ৫০০ মিলিয়ন ঘনফুট। তার বিপরীতে দুই টার্মিনাল মিলিয়ে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে।