নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ০৭:২৯:৪৫
তেলের দাম বাড়লেও সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এর ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি প্রায় ৩০ পয়সার মতো সামান্য প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
সাম্প্রতিক লোডশেডিং বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার সময় নানা অব্যবস্থাপনা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর উল্লেখ করে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হলেও চাহিদা পূরণে আরও প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হচ্ছে। কারিগরি জটিলতার কারণে আমদানিতে কিছুটা ব্যাঘাত ঘটায় লোডশেডিং বেড়েছে। তবে দ্রুত পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে দরপত্র আহ্বান করা হচ্ছে।
মন্ত্রী জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে, যা সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।
এদিকে সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে বৈশ্বিক বাজারের অস্থিরতায় যাতে দেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে নতুন সংরক্ষণাগার নির্মাণে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।