নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মে ২০২৬ বিকাল ০৩:০৮:৪৫
ফের বৃদ্ধি বিশ্ববাজারে তেলের দাম
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে দুই দেশের নৌবাহিনীর পাল্টাপাল্টি গোলার খবরে আজ শুক্রবার (৮ মে) অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ১ শতাংশের বেশি বেড়েছে। খবর রয়টার্সের।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ গ্রিনিচ মান সময় ০৩৯৬টায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ২০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৫ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৬ ডলারে লেনদেন হচ্ছে। দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশের বেশি বাড়লেও পরবর্তীতে তা কিছুটা স্থিতিশীল হয়। তবে সংঘাতের আশঙ্কায় এই সপ্তাহে উভয় চুক্তির দামই সামগ্রিকভাবে প্রায় ৬ শতাংশ হ্রাসের পথে রয়েছে।
ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের তেলবাহী ট্যাংকার ও বেসামরিক এলাকায় হামলা চালিয়ে মাসব্যাপী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের উসকানিমূলক হামলার জবাবে তারা এই ব্যবস্থা নিয়েছে। তবে সবকিছুর মাঝেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
তেল বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ভান্দা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, তেল বাজার এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে। যুদ্ধের গতিপথ বা হরমুজ প্রণালির বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে এখন আর দাম নির্ধারিত হচ্ছে না।
তার মতে, মার্কিন প্রশাসন শান্তি চুক্তির বিষয়ে অতিরিক্ত আশাবাদ দেখালেও বাজারের বাস্তবতা ভিন্ন। বর্তমানে বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা যুদ্ধের কারণে হুমকির মুখে।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে ইরান কী প্রতিক্রিয়া জানায়, তার ওপরই নির্ভর করছে আগামী দিনগুলোতে বিশ্ববাজারের জ্বালানি তেলের গতিপ্রকৃতি।