নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৬:৩৫
মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে পরিচালিত চারটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা বুধবার সকাল ৯টা থেকে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে এসব অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতার বিষয় যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয় বলে জানায় ইমিগ্রেশন পুলিশ।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ কাগজপত্র না থাকা বা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয়টি অন্তর্ভুক্ত।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারায় বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে।
আটক ১১২ জনকে পরবর্তী ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।