নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৩:৪১
ফুরিয়ে গেছে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
রাশিয়ার প্রায় প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর প্রায় ফুরিয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেন।
সিএনএনকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির কিছু প্যাট্রিয়ট লঞ্চার ইন্টারসেপ্টর না থাকায় কার্যত অচল হয়ে পড়ে আছে। সিএনএনকে ইউক্রেনের ভূখণ্ডে একটি প্যাট্রিয়ট সিস্টেম দেখার অনুমতি দেওয়া হলেও নিরাপত্তার কারণে এর মডেল ও অবস্থান প্রকাশ করা হয়নি। খবর সিএনএনের।
ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থার প্রধান প্রকৌশলী দিমিত্রোর দাবি, তিনি ছয় সপ্তাহ ধরে কোনো লঞ্চার থেকে ইন্টারসেপ্টর ছোড়া দেখেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শীতকাল পার করতে দেশটির যুক্তরাষ্ট্রের মজুদের প্রায় ৫ শতাংশ প্রয়োজন হলেও বর্তমানে তাদের হাতে রয়েছে মাত্র ১ শতাংশ।
দিমিত্রো বলেন, সরঞ্জাম থাকার পরও শত্রুর ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো ইন্টারসেপ্টর না থাকা অত্যন্ত হতাশাজনক। তার ভাষায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে, অথচ সেগুলো ঠেকানোর সক্ষমতা নেই।
প্যাট্রিয়ট ব্যবস্থার ইন্টারসেপ্টরের সংকট শুধু ইউক্রেনেই নয়, বিশ্বজুড়েই দেখা দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে সংকট আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রথম চার দিনে জোট বাহিনী প্রতিদিন গড়ে ২২৫টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। অন্যদিকে নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ২০২৫ সালে ৬২০টি ইন্টারসেপ্টর তৈরি করেছে—অর্থাৎ দিনে গড়ে মাত্র ১ দশমিক ৭টি।
ফলে ব্যবহার ও উৎপাদনের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০৩০ সালের মধ্যে বছরে ২ হাজার ইন্টারসেপ্টর উৎপাদনের লক্ষ্যে লকহিড মার্টিনের সঙ্গে সাত বছরের একটি চুক্তি করেছে।
জেলেনস্কি ইউক্রেনেই প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের অনুমতি চেয়েছেন। তিনি রেথিয়ন ও লকহিড মার্টিনকে ইউক্রেনে কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন, প্রয়োজন হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেই কারখানার মালিকানা ও নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়ে তিনি প্রস্তুত।
জুনে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য হোয়াইট হাউস জানায়, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত বা নিশ্চয়তা দেওয়া হয়নি।
হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্যাট্রিয়টের প্রযুক্তিগত নিরাপত্তা রক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের প্রকৌশলী দিমিত্রোও বলেছেন, অনুমতি পেলেই দেশটি দ্রুত প্যাট্রিয়ট ব্যাটারি ও ইন্টারসেপ্টর তৈরি করতে পারবে না। কারণ এই ব্যবস্থা অত্যন্ত জটিল এবং এর জন্য বিপুল প্রযুক্তিগত জ্ঞান ও তথ্য প্রয়োজন।