নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৯:০৩
৩২ নম্বরে একজন আটক, দুজনকে মারধর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালের দিকে ফুল দিতে আসা ওই ব্যক্তির নাম অর্ণব দাস।
অর্ণব যুবলীগের সক্রিয় কর্মী জানিয়ে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, “তিনি সেখানে ফুল দিতে এসেছিলেন, তার বাড়ি টাঙ্গাইলে। নিরাপত্তার স্বার্থে আমরা আটক করেছি। আমরা এখানে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছি।”
এদিকে দুপুর ১২টার দিকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল তরুণ ৩২ নম্বর এলাকায় দুজনকে মারধর করেছে। মারধরের শিকারদের মধ্যে এক রিকশাচালককে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার দেখাবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে ওসি তৈয়ব সাড়ে ১২টার দিকে দাবি করেন, কাউকে মারধরের বিষয় তার জানা নেই।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীর আগে বৃহস্পতিবার থেকে তার বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করে পুলিশ।
মিরপুর রোড দিয়ে ৩২ নম্বরে ঢোকার মুখেই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। আর রাস্তার পশ্চিম প্রান্তেও রাখা হয়েছে লোহার ব্যারিকেড। ব্রিজ দিয়ে চলাচলের সুযোগও নেই।