আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৯:২১
মক্কায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত এবং এসব স্থান রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা সব সময় সম্পূর্ণভাবে সম্মান ও সুরক্ষিত রাখতে হবে।
বাংলাদেশের এই নিন্দা এমন সময়ে এলো, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি ভূখণ্ডে একাধিক হামলার খবর পাওয়া গেছে। এর আগে ৮ সেপ্টেম্বরও সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলার নিন্দা জানিয়েছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, ইয়েমেনবিষয়ক সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, মঙ্গলবার ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি হুথি ড্রোন মক্কার দক্ষিণে আকাশে শনাক্ত করা হয়।
সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার নির্ধারিত নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।
তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর সৌদি অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।
বুধবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘মক্কায় হামলার দাবি একটি ঘৃণ্য মিথ্যা। যা এরআগেও দাবি করা হয়েছে। কিন্তু এখন এমন দাবি আর কাউকে ভুল বোঝায় না। আমাদের অভিযানগুলোর লক্ষ্য তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি।’