নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ রাত ১০:৩৫:২৯
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
সার সংক্রান্ত সার্বিক কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে পরামর্শ ও সহায়তা দিতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দিয়ে এক উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন গঠিত এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে এবং কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
অন্য সদস্যরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।