নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৫:১৫
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস, দায়িত্বে অনীক রুশদ হক
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুসের ৯ দিনের যুক্তরাজ্য সফরের অনুমোদন দিয়েছে সরকার। তাঁর অনুপস্থিতিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে অ্যাটর্নি জেনারেলের রুটিন দায়িত্ব ও কার্যাবলি পালন করবেন।
১৬ জুলাই (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব এ.এফ.এম. গোলাম রহমান স্বাক্ষরিত ওই আদেশ অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল পারিবারিক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তাঁর কন্যার লিঙ্কনস ইনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘কল টু দ্য বার’ (Call to the Bar) অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে ২২ জুলাই অথবা নিকটবর্তী সময়ে দেশে ফিরবেন বলে উল্লেখ করা হয়েছে।
এ সফরে তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী ফারজানা বেগম এবং দুই কন্যা আদিবা রুহুল ও আরীবা রুহুল। সফরের সম্পূর্ণ ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। এ সফরে সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
অ্যাটর্নি জেনারেলের বিদেশ সফরকালে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি আদেশের অনুলিপি পররাষ্ট্র সচিব, সলিসিটর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।