নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৮:৫৫
সাত দিন যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা
তাপপ্রবাহ কাটিয়ে গত দুই দিনের বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় বেশ স্বস্তির আবহাওয়া বিরাজ করছে। তবে এই সময়ে কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হচ্ছে। বজ্রপাতে প্রাণও হারিয়েছেন অনেক মানুষ।
এ অবস্থায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার মধ্যে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি ও এর আশপাশের কিছুকিছু জেলায় কয়েকদফা তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণ সংগঠন-বিডব্লিউওটি।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় দেয়া এক ফেসবুক পোস্টে বিডব্লিউওটি জানায়, আগামীকাল সকাল ১০টার মধ্যে দেশের কিছু কিছু স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টির শঙ্কা রয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে রংপুর বিভাগের কিছু জেলাসহ দেশের আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টিও হতে পারে।
এদিকে অপর একটি পোস্টে বিডব্লিউওটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ মে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশকিছু জেলায় কালবৈশাখীর তাণ্ডবের পাশাপাশি ভারি বর্ষণের শঙ্কা রয়েছে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, নরসিংদী, নোয়াখালী, ফেনী,লক্ষীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল ভোলা ও এর আশেপাশের কিছু জেলায় মাঝে মাঝে ২/১ দিন বিরতিসহ নিয়মিত ১/২ দফা মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে।
এ সময় কয়েকটি জেলায় অতিভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে। সাথে তীব্র বজ্রপাত ও কালবৈশাখী থাকতে পারে। একই সময় ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের বিভিন্ন স্থানে অতিভারি বর্ষণেরও শঙ্কা রয়েছে।
এর ফলে আগামী ৭ দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর খাগড়াছড়ি জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং নদনদীগুলোতে সাময়িক সময়ের জন্য পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া একই সময়ের মধ্যে সারাদেশে দফায় দফায় কালবৈশাখী ও তীব্র বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে পারে।