নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ রাত ০৭:১৯:৪৯
জিয়াউর রহমান হত্যার বিচার নিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে: অর্থমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার নিয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩০ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তার প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
পরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আবার এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন। জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নীতি ও আদর্শের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালনা করা সম্ভব নয়।’
দেশ গড়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন, তা বাস্তবায়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়- তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আমির খসরু।
এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়া পরিবারের সব সদস্যের জন্য দোয়া করা হয়।
এ সময়, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।