দায়িত্বে থাকবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ রাত ০৮:৪৮:৫১
চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে আয়োজিত চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে অংশ নিতে ছয় দিনের সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস। ১৯ আগস্ট (বুধবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, তিনি আগামী ২৪ আগস্ট বা তার নিকটবর্তী কোনো তারিখে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ২৯ আগস্ট বা তার কাছাকাছি সময়ে দেশে ফিরবেন।
এই সফরকালে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার স্ত্রী ফারজানা বেগম এবং দুই কন্যা আদিবা রূহুল ও আরিবা রূহুল। সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় সফরের যাবতীয় খরচ আয়োজক সংস্থাই বহন করবে, এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না।
অ্যাটর্নি জেনারেল মো. রূহুল কুদ্দুসের অনুপস্থিতিকালীন সময়ে তার নিজস্ব দায়িত্বের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. অনীক রুশদ হক। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপ-সচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সার্বিক অনুমোদন দেওয়া হয়েছে।