নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ দুপুর ১২:২৬:২৬
হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী।
২২ মে শুক্রবার সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া ৩ হজযাত্রীই স্বাভাবিকভাবে মারা গেছেন। তারা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯), যিনি মক্কায় মারা যান। বাকি দুজন মদিনায় মারা গেছেন; তারা হলেন- সিরাজগঞ্জের বেলকুচির বাসিন্দা মো. জাকির হোসেন (৬২) ও কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা মো. কামাল হোসাইন (৬১)।
এদিকে বাংলাদেশ হজ অফিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা মক্কায় পৌঁছান।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে হজযাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে ২০ হাজার ২৮৮টি সেবা দেওয়া হয়েছে।