নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬ দুপুর ০১:৫৫:৩৩
সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ড: ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯জনের
কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান চলাকালে সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় অভিযুক্ত ১৮ জন আসামির মধ্যে চার জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একই সাথে এই ঘটনার পর দায়ের করা একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
২০ মে বুধবার দুপুর ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে এজাহারনামীয় ও অভিযুক্ত ১৮ জন আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে ডাকাতি দমনে যৌথ বাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন অত্যন্ত সাহসিকতার সাথে ডাকাত দলকে ধাওয়া করেন এবং ঘটনাস্থলেই দুই ডাকাতকে জাপটে ধরেন।
ওই সময় নিজেদের বাঁচাতে ডাকাত চক্রের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তানজিমের ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় সেনা কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই হত্যাকাণ্ডের পর সংশ্লিষ্ট থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করলেন