নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ বিকাল ০৩:০৬:৩২
পল্লবীতে রামিসার বাসার সামনে বিক্ষুব্ধ জনতার ঢল, গ্রামের পথে বাবা-মা
পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশু রামিসা আক্তার। এ ঘটনায় স্তম্ভিত মানুষ। ক্ষোভে ও ক্রোধে মুহ্যমান জনতার ঢল এখন পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে।
শুক্রবার (২২ মে) দুপুরের দিকে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে স্থানীয় বাসিন্দারা সেখানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বেলা ১১টার পর থেকে রামিসাদের বাসার সামনের গলিতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’ এবং ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পুরো এলাকাজুড়ে এক থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে সন্তান হারানোর শোকে এখনও প্রায় বাকরুদ্ধ হয়ে আছেন রামিসার মা-বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে তারা মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিজ গ্রামের বাড়ির পথে রওনা হন। তারা যখন ঢাকা ছাড়ছিলেন, তখন বাসার সামনে জড়ো হওয়া মানুষের কান্না আর সান্ত্বনার শব্দে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে শিশু রামিসার দাফন সম্পন্ন করার সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনও মেয়ের জামাকাপড় বুকে জড়িয়ে কাঁদছেন এবং বাবা আব্দুল হান্নান মোল্লা বারবার মেয়ের শেষ আবদারের কথা মনে করে ভেঙে পড়ছেন। মাত্র দুই দিন আগে মেয়ের জন্য একটি নতুন বোরকা কিনে এনেছিলেন তিনি, যা আর পরা হলো না রামিসার।
এর আগে গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই বর্বরোচিত ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা চালিয়েছিল। ঘটনার পর আত্মগোপনে থাকা সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে আদালতে সে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। এই মামলায় অপরাধে সহযোগিতা করার অভিযোগে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।