নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ রাত ১১:১৫:১৬
সমাজকে প্রগতিশীল ও বিজ্ঞানমনস্ক করতে বিতর্ক চর্চার বিকল্প নেই: জুনায়েদ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, সমাজকে প্রগতিশীল, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। যুক্তির মাধ্যমে সত্য অন্বেষণের এই সংস্কৃতি তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মুক্তচিন্তা ও প্রজ্ঞার বিকাশ ঘটবে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা কলেজে আয়োজিত ‘৫ম ডিডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।
প্রতিযোগিতার সমাপনী ও চূড়ান্ত পর্বে জাতীয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। কলেজ পর্যায়ে ঢাকা কলেজকে হারিয়ে শিরোপা জেতে নটর ডেম কলেজ। আর স্কুল পর্যায়ে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি ও ডিবেটর আজিজুর রহমান পাভেল বলেন, এই প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের কোনো মঞ্চ নয়; এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী বিতার্কিকদের ধারণা ও চিন্তার মহামিলনমেলা। নতুন বিতার্কিকদের জাতীয় বিতর্ক অঙ্গনে তুলে আনার পাশাপাশি তাদের যুক্তিনির্ভর চিন্তা ও উপস্থাপনের দক্ষতা বিকাশে এ আয়োজন ভূমিকা রাখছে।