নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৭:২০
৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। অর্থাৎ একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ৩০০ টাকায় ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির লক্ষ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা পোশাকশ্রমিকদের সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা দেওয়া।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এ কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে সরকারি চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ এ কর্মসূচির সুবিধা পেতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে। এ প্রক্রিয়ায় প্রকৃত পোশাকশ্রমিকদের শনাক্ত করে সুবিধা দেওয়ার পাশাপাশি একই ব্যক্তির একাধিকবার চাল কেনার সুযোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। চাল বিক্রির কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক তদারকি দল গঠন করা হয়েছে।
উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ওএমএস কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে। এবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আলাদা কর্মসূচি চালুর মাধ্যমে শিল্পাঞ্চলের শ্রমজীবী মানুষের খাদ্য ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হলো।