জাহিদ হাসান:
প্রকাশ : ১৫ জুন ২০২৬ বিকাল ০৫:০১:২৩
উত্তরায় অপহরণ নাটকের অবসান: ৪ অপহরণকারী গ্রেফতার, উদ্ধার ভিকটিম ও ২৫ লাখ টাকা
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুরের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা মহানগর পুলিশের দক্ষিণখান থানার হলান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০) এবং মো. মহিউদ্দিন (৩৬)।
পরে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তি আজিবুর রহমানকে (৫০) উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের ঘটনায় আদায়কৃত মুক্তিপণের ২৫ লাখ টাকাও উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া আজিবুর রহমানের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার মধুরাপুর পশ্চিম এলাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, এ অভিযানের মাধ্যমে অপহরণকারী চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।