দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৬:১৩
সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন যাপন অপরিহার্য: ড.খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ আসনের এমপি, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক জীবন পরিচালিত করা অপরিহার্য। ইসলাম ধর্ম আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী অনুশাসনের ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে, দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনা করা। পবিত্র সিয়াম সাধনার সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা সকলের হৃদয়ে ধারণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সিয়াম সাধনার মহিমান্বিত শিক্ষা বছরের বাকি ১১মাস ধরে আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। তাহলেই আমরা মহান আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবো।
তিনি আজ শনিবার দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
ড.খন্দকার মোশাররফ বলেন, কুরআনের নির্দেশনা ও নবী মুহাম্মদ (স.)-এর প্রদর্শিত পথ থেকে মানুষ বিচ্যুত হওয়ায় আজকে সমাজে হানাহানি, ঝগড়া ফ্যাসাদ,অশান্তি বেড়েই চলছে। সমাজে স্থিতিশীলতা ও শান্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে ইসলামী অনুশাসন মেনে জীবন পরিচালিত করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেন, আমাদের জীবন পরিচালিত হতে হবে পবিত্র কুরআনের নির্দেশনা ও মহানবী (স.)-এর সুন্নাহ অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোন প্রকার সুযোগ নেই। তিনি (ড.মারুফ) পবিত্র রমজানের সিয়াম সাধনার ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধি ধারণ করে সততার আদর্শে উজ্জীবীত হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনীতি করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ঈদের নামাজের পর ড.খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা এবং দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ শেষে উপস্থিত বিএনপির নেতাকর্মীসহ মুসল্লীদের সাথে ড.খন্দকার মোশাররফ হোসেন ও ড.খন্দকার মারুফ হোসেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে দাউদকান্দি উপজেলার নিজ গ্রাম গয়েশপুরে বাবা ড.খন্দকার মোশাররফ হোসেনের বাসভবন 'শান্তির নীড়'-এ সমবেত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মতবিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক,দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ লতিফ ভূইয়া, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার, যুগ্ম আহবায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, মাহবুব হোসেন হিরণ, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি ভিপি শাহাবউদ্দিন ভুঁইয়া, দাউদকান্দি উপজেলা যুব দলের সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুব দলের আহবায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন প্রমুখ।