নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ০৬:৫৫:৪০
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আইন-শৃঙ্খলার উন্নতি অপরিহার্য: ড. মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইন শৃঙ্খলার উন্নতি খুবই অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। অপরাধীর কোনো দল নেই,আদর্শ নেই। সে তো শুধুই অপরাধী। তার কোনো ছাড় নেই। সমাজে আশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতিগত অবস্থান 'জিরো টলারেন্স'। জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর আইনী ব্যবস্থা নিতে তিনি মেঘনা থানার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মারুফ এসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিগত সরকার দু:শাসন,জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র,অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অগ্রপথিক হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে সন্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
মেঘনা উপজেলার এই সভায় ইউএনও মৌসুমী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম.এম মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন সরকার ও দিলারা শিরীন প্রমুখ।
সভায় বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের কল্যাণে যুগান্তকারী উন্নয়ন করে। জনগণ নিরাপদে, সুখ স্বাচ্ছ্যন্দে জীবন যাপন করতে পারে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। মানুষ এইসব কাজের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন। তিনি কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত কৃষি ও জনবান্ধব প্রকল্প- 'খাল খনন কর্মসূচি' আবারও চালু করেছেন। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি অসহায়, দু:স্থ এবং কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করছেন। তারেক রহমান রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে আপামর জনগণের ভালোবাসা পাচ্ছেন। জনগণ তাঁকে ঘিরে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
সভায় ড.খন্দকার মারুফ মেঘনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে- চাঁদাবাজি ও অপরাধ দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে বৃহত্তর জনস্বার্থে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনপ্রকার গাফিলতি কিংবা শৈথিল্য জনগণ বরদাশত করবে না।