নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৩:১৮:৩৮
শিক্ষার মানোন্নয়নের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ড. মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরী করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা ব্যবস্থায় বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অনিয়ম, দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী তারেক রহমান অনুধাবন করছেন, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।
সোমবার (২৯ জুন) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ড.মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রী কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ বলেন, দেশে নকলমুক্ত পাবলিক পরীক্ষা,শিক্ষার সূষ্ঠু পরিবেশ তৈরী এবং মানোন্নয়নে বিএনপি সরকারের অবদান অনস্বীকার্য। এটি বিএনপির অন্যতম বড় অর্জন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জাতিকে ধ্বংস করার জন্যই ইচ্ছে করে শিক্ষাঙ্গণে অরাজকতা সৃষ্টি করেছে, ঢালাওভাবে পাশের হার বাড়িয়েছে। শিক্ষার উন্নতিকল্পে আ.লীগ সরকার সামান্যতম কোনো কাজ করেনি।
ড. মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে- ক্যাম্পাসে রাহাজানি ও সিট দখলের মতো কুকর্ম হয় না। নকলমুক্ত পাবলিক পরীক্ষা ও শিক্ষার গুণগত মানের উন্নতি হয়। এবার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ও জুয়ার নেশা ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এগুলো এখনই বন্ধ করা না গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। তিনি এইসব অপরাধ বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবকসহ সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
ড.খন্দকার মারুফ বলেন,বিএনপি সরকার শিক্ষার মানোন্নয়ন ও পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে ইতিহাস গড়েছেন। চলতি বছরেও অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা নকলমুক্ত হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সুশিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে, বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। তোমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা, নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে তিনি (ড.মারুফ) পরীক্ষার্থীদের পরামর্শ দেন।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ড.খন্দকার মারুফ হোসেন কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ আবদুর রহমান। উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আনোয়ার হোসেন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ ও জেলা জাসাসের সদস্য সচিব এস.এম মিজান প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, বানিয়া পাড়ার পীর আবু বকর সিদ্দিক আল-কাশেমী।
এর আগে ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে অনুষ্ঠিত বিএনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় তিনি শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের বিকাশে বিএনসিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।